লন্ডনে গুগল-সমর্থিত এআই ক্যাম্পাস চালু

২৮ নভেম্বর, ২০২৪ ১২:৪০  

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বুধবার লন্ডনে গুগলের তহবিলে পরিচালিত এআই ক্যাম্পাস উদ্বোধন করেছেন। এই ক্যাম্পাস তরুণদের দ্রুত উন্নয়নশীল প্রযুক্তিতে দক্ষতা অর্জনে সহায়তা করবে। খবর রয়টার্স।

ক্যাম্পাসটি ক্যামডেনে অবস্থিত, যা স্টারমারের সংসদীয় এলাকা। এছাড়া সেখানে গুগলের ভবিষ্যৎ অফিস চালু হতে যাচ্ছে। নতুন এই এআই ক্যাম্পাসে ইতোমধ্যে স্থানীয় শিক্ষার্থীদের জন্য দুই বছরের একটি পাইলট প্রকল্প শুরু হয়েছে।

প্রথম ব্যাচে ১৬-১৮ বছর বয়সী ৩২ জন শিক্ষার্থী এআই ও মেশিন লার্নিং সংক্রান্ত রিসোর্স ব্যবহারের সুযোগ এবং গুগলের এআই কোম্পানি ডিপমাইন্ডের মেন্টরশিপ সুবিধা পাবেন। গুগল জানিয়েছে, শিক্ষার্থীরা স্বাস্থ্য, সামাজিক বিজ্ঞান এবং শিল্পকলার মতো ক্ষেত্রগুলোতে এআই প্রয়োগ সংক্রান্ত প্রকল্পে কাজ করবেন।

প্রধানমন্ত্রী স্টারমার এই উদ্যোগকে "একটি যুগান্তকারী মুহূর্ত" বলে অভিহিত করেন এবং বলেন, "এই ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে এআই যে ভবিষ্যতের অংশ সেটি বুঝতে উৎসাহিত করবে।"

গুগলের যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর ডেবি ওয়েইনস্টাইন ঘোষণা করেছেন, যুক্তরাজ্যজুড়ে একটি এআই লিটারেসি প্রোগ্রামের জন্য ৮,৬৫,০০০ পাউন্ড (১.১০ মিলিয়ন ডলার) তহবিল প্রদান করা হবে।

এই অর্থ রাসবেরি পাই ফাউন্ডেশন এবং প্যারেন্ট জোনের মতো দাতব্য সংস্থাগুলোর মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষণে ব্যবহৃত হবে। ২০২৬ সালের মধ্যে আড়াই লাখ শিক্ষার্থীকে এআই শিক্ষা দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ওয়েইনস্টাইন বলেন, "এআই-এর বিশাল সম্ভাবনাকে সবার জন্য সহজলভ্য করার লক্ষেই এই উদ্যোগ। এটি পরবর্তী প্রজন্মকে গুরুত্বপূর্ণ ডিজিটাল দক্ষতা অর্জনে সাহায্য করবে এবং যুক্তরাজ্যের ৪০০ বিলিয়ন পাউন্ডের এআই অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"

ডিবিটেক/বিএমটি